শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রোডম্যাপ ঘোষণার আহ্বান এবি পার্টির
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে বাস্তবায়নযোগ্য মজুরি বৃদ্ধির রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। প্রয়োজনে ধাপে ধাপে মজুরি বাড়ানো হলেও প্রতিটি ধাপের পরিমাণ ও কার্যকর হওয়ার তারিখ নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকের মজুরি কমিয়ে কিংবা আন্দোলন দমন করে বাংলাদেশের পোশাকশিল্পকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব নয়। একইভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না।
এ বিষয়ে ব্যারিস্টার নোমান বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন ন্যায়ভিত্তিক মজুরি, দায়িত্বশীল মালিকানা, দক্ষ ও উৎপাদনশীল শ্রমশক্তি এবং জবাবদিহিমূলক সরকার।
তিনি আরও বলেন, এবি পার্টি সংকট তৈরি হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোর রাজনীতি নয়, বরং সংকট তৈরির আগেই সমাধানের রাজনীতি চায়। শ্রমিকের মর্যাদা, শিল্পের সুরক্ষা এবং জাতীয় অর্থনীতির স্বার্থে দীর্ঘমেয়াদি ও সমন্বিত জাতীয় পোশাকশিল্প ও শ্রমনীতি প্রণয়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, শ্রমিক পার্টির সমন্বয়ক জামাল শেখ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মোহসীনুল হক চৌধুরী ও মশিউর রহমান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন