চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত কয়েকজন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ‘সবুজ পাহাড়ের বাঁকে’ এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে কাত হয়ে যায়। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালুমঘাট হাইওয়ে পুলিশ। গুরুতর আঘাতের কারণে দুই যুবক ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলাকালে টেকনাফের দক্ষিণ হ্নীলা এলাকার বাসিন্দা আব্দুল্লাহ নামের এক যুবকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) একটি কপি পাওয়া গেছে। ওই পরিচয়পত্রের সূত্র ধরে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন