দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, ব্রাহ্মণপাড়ায় মাছুম গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদ প্রকাশ মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এড়াতে তিনি চার বছর ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাছুম ওই গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলায় মাছুমের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালায় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল। উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাছুমকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাছুমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন