সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ৬ ধরনের সেবা চালু করছে এএবি
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সড়ক দুর্ঘটনা সহায়তা কেন্দ্র চালু করতে যাচ্ছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)। এ কেন্দ্র থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক কাউন্সেলিং, চিকিৎসাসহায়তা, আইনি পরামর্শ, বিমা দাবি নিষ্পত্তিতে সহযোগিতা, প্রয়োজনীয় তথ্য এবং আর্থিক সহায়তাসহ ছয় ধরনের সেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর মগবাজারে এএবির প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়। ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি পালন করে সংস্থাটি। এ উপলক্ষে ‘আইন মেনে চলব, নিরাপদে ঘরে ফিরব’ স্লোগানে ‘এএবি জিরো কন্ট্যাক্ট প্রচারণা’ চালানো হয়।
এএবি জানায়, সড়ক দুর্ঘটনার পর দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া এবং আহত ব্যক্তিকে নিরাপদে নিকটস্থ হাসপাতালে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি তাদের ও পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করাও প্রয়োজন। এ লক্ষ্যেই সড়ক দুর্ঘটনা সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, সহায়তা কেন্দ্র থেকে পেশাদার কাউন্সেলরদের মাধ্যমে মানসিক স্বাস্থ্যবিষয়ক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনার পর প্রয়োজনীয় তথ্য সরবরাহ, চিকিৎসাসংক্রান্ত পরামর্শ ও সহযোগিতা এবং আইনজীবীদের মাধ্যমে আইনি পরামর্শ ও প্রতিনিধিত্বের সুযোগ থাকবে। এ ছাড়া বিমার দাবি-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা এবং প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তাও দেওয়া হবে।
জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এএবি। এর অংশ হিসেবে সংস্থাটির প্রধান কার্যালয় থেকে একটি সড়ক নিরাপত্তা র্যালি বের করা হয়। পরে বাস, রাইড শেয়ারিং ও ব্যক্তিগত গাড়ির চালক এবং রিকশা ও সিএনজিচালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশনের (এফআইএ) সড়ক নিরাপত্তাবিষয়ক ‘গোল্ডেন রুলস’ কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএবির সভাপতি ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাইদুল ইসলাম।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন