খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা প্রায় ১০০

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা প্রায় ১০০

ধসে পড়া ভবনটিতে উদ্ধারকাজ চলছে। ফিলিস্তিনের গাজা নগরী, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ছবি: রয়টার্স


আন্তর্জাতিক ডেস্ক: 

ফিলিস্তিনের গাজা নগরীতে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন এবং প্রায় ১০০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার ভোরে গাজা নগরীর পশ্চিমাঞ্চলে ভবনটি ধসে পড়ে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভবনটিতে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। ভবনটি এর আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছিল।

ভবন ধসের পরপরই গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতির সংকটে উদ্ধারকর্মীদের হাতে-হাতে ধ্বংসাবশেষ সরিয়ে কাজ করতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কান্না ও সাহায্যের জন্য চিৎকার শোনা যাওয়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ভবনটিতে অন্তত কয়েকটি বাস্তুচ্যুত পরিবার বসবাস করছিল। আশপাশেও বাস্তুচ্যুতদের তাঁবু ছিল। ভবনটি ধসে পড়ার সময় সেগুলোরও ক্ষতি হয়েছে।

গাজার কর্তৃপক্ষ ভবন ধসের জন্য ইসরায়েলি হামলায় আগে থেকে তৈরি হওয়া কাঠামোগত ক্ষতিকে দায়ী করেছে। তবে ভবন ধসের তাৎক্ষণিক কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব পরিস্থিতি নিয়ে উদ্ধারকাজ চলমান রয়েছে।

গাজায় যুদ্ধের কারণে বিপুলসংখ্যক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে অনেক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও আশ্রয়ের সংকটে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কেউ কেউ সেসব ভবনে বসবাস করছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, আরও প্রায় ২ হাজার ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

লালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
লালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

ছবি যোগফল লালমনিরহাট প্রতিনিধি

মো.হাসমত উল্লাহ |লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলা ও টাকা লেনদেনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গত (১০ নভেম্বর)২০২৬ইং কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরের পাশে ডিবি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে অপর চারজনকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।

ডিবি পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনে Bee999, KG999, Joya777, Crickex, TK999.com, Babu88.com-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট পাওয়া গেছে। এ ছাড়া নগদ ও বিকাশে টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বরিশালের হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন ইউএনও

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বরিশালের হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন ইউএনও

ছবি ​হিজলা (বরিশাল) সংবাদদাতা


​হিজলা (বরিশাল) সংবাদদাতা

​বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী ছয়গাঁও বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে দোকানগুলোর সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময় হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। 

এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেউ।ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

 পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের শান্ত্বনা দেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তার আশ্বাস প্রদান করেন।

 বাজার কমিটির সভাপতি আবদুল মান্নান বেপারী জানান, অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোই ছিল তাদের একমাত্র জীবিকার অবলম্বন। আকস্মিক এই সর্বগ্রাসী আগুনে সর্বস্ব হারিয়ে তারা এখন চরম আর্থিক সংকটে ও দিশাহারা হয়ে পড়েছেন।

 পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার তাগিদে তারা সরকারের কাছে দ্রুত জরুরি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।​

এদিকে, অসহায় ও ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।,

অপতথ্য ও অপপ্রচার ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অপতথ্য ও অপপ্রচার ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার রোধ এবং সঠিক তথ্য প্রচারে তরুণদের সম্পৃক্ত করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে বিশ্বব্যাপী অত্যন্ত শক্তিশালী যোগাযোগমাধ্যম। এ মাধ্যমে যেন অপপ্রচার বা অসত্য তথ্য ছড়িয়ে না পড়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ফ্যাক্টচেকিং, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে মন্ত্রণালয়, যাতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। পাশাপাশি গণমাধ্যমকে শক্তিশালী করতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হচ্ছে।

দেশের সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বিদেশি সম্প্রচারমাধ্যমের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে কি না, তা নিয়ে কথা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকেরা তিন থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তিনি বলেন, এক-দুই দিনের প্রশিক্ষণের পরিবর্তে আন্তর্জাতিক মানের দীর্ঘমেয়াদি ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।

নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রাজনীতিতে আসার আগে তিনি যুক্তরাজ্যের বিবিসির আইটি ও ব্রডকাস্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। সেখানে কাজের অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের কর্মপদ্ধতি ও পেশাগত মান সম্পর্কে ধারণা দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণেরা যেন দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারেন, সেটাই তার প্রত্যাশা। শুধু গণমাধ্যম নয়, তরুণেরা যে পেশায়ই যুক্ত হোন না কেন, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে ভালো অবস্থানে পৌঁছে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময়কালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গণমাধ্যম ও সাংবাদিকতা খাতে প্রয়োগভিত্তিক গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন। গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা এবং বাস্তবভিত্তিক সমাধান খুঁজতে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তরের (পিআইডি) বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা গণমাধ্যমের কার্যক্রম, সংবাদ পরিবেশন, তথ্য সংগ্রহ ও সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা জানান, তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর পরিদর্শনের মাধ্যমে গণমাধ্যমের এমন কিছু বাস্তব বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যা শ্রেণিকক্ষের পড়াশোনায় জানা সম্ভব হয় না। এ ধরনের অভিজ্ঞতা ভবিষ্যৎ পেশাগত জীবনে সহায়ক হবে বলেও তারা মনে করেন।

এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম