৩৬ হাজার ফুট ওপরে ইঞ্জিন বন্ধ, কোচিনে ফিরল বিমান
যোগফল প্রতিবেদক:
ভারতের কোচিন থেকে আবুধাবিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের একটি ইঞ্জিনে হঠাৎ তেলের পরিমাণ কমে যাওয়ায় সেটি বন্ধ করে ফিরে আসতে হয়েছে। পরে বিমানটি নিরাপদে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঘটনাটি ঘটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং ৭৩৭ বিমানে। বিমানটি কোচিন থেকে আবুধাবির উদ্দেশে উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর ৩৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়। এ সময় পাইলট ও সহকারী পাইলট লক্ষ্য করেন, বিমানের এক নম্বর ইঞ্জিনে দ্রুত তেলের পরিমাণ কমছে।
পরিস্থিতি পর্যালোচনার পর ইঞ্জিনটির তেলের চাপও ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে ক্রুরা ওই ইঞ্জিন বন্ধ করে দেন। একই সঙ্গে আবুধাবির পথে না এগিয়ে কোচিনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে বিমানটি গতিপথ পরিবর্তন করে কোচিনের দিকে ফিরে আসে এবং নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। তবে ওই সময় বিমানে কতজন যাত্রী ও ক্রু ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে কয়েক দিনের ব্যবধানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আরেকটি বিমানে বোমাতঙ্কের ঘটনাও ঘটে। দাম্মাম থেকে নয়াদিল্লিগামী ওই বিমানের শৌচাগারে এক কেবিনকর্মী টিস্যু কাগজে ‘বোম’ লেখা দেখতে পান। বিষয়টি পাইলটকে জানানো হলে বিমানটির গতিপথ পরিবর্তন করে আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
বিমান অবতরণের পর নিরাপত্তাকর্মী ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালায়। বিমানে থাকা ৩২ যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনাল-২-এ নেওয়া হয়। পরে বিমানের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়েও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
পরবর্তীতে বিমানটিকে চলাচলের অনুমতি দেওয়া হয়। ওই ঘটনায়ও কেউ আহত হননি।
অল্প কয়েক দিনের ব্যবধানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি বিমানে এমন ঘটনা যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন