খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

নারীদের নিয়ে কটূক্তি বরদাশত করা হবে না: বিজয়

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নারীদের নিয়ে কটূক্তি বরদাশত করা হবে না: বিজয়

 যোগফল প্রতিবেদক:

নারীদের নিয়ে অবমাননাকর বা কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তিনি বলেছেন, রাজনৈতিক বিষয়ে তীব্র সমালোচনা করা গেলেও নারীদের অসম্মান করে কোনো বক্তব্য দেওয়া উচিত নয়।

বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় বিজয় বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার অধিকার। তবে সেই স্বাধীনতা ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া জরুরি। রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে কোনো ব্যক্তি, বিশেষ করে নারীকে হেয় বা অপমান করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুর রাজনীতিতে নারীদের নিয়ে অশালীন ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রবণতা দেখা যাচ্ছে। জনসমক্ষে বক্তব্য দেওয়ার সময় পরিবারে থাকা মা-বোনদের সম্মানের কথা বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।

বিজয় আরও বলেন, তিনি আজ যে অবস্থানে পৌঁছেছেন, তার পেছনে সাধারণ মানুষের পাশাপাশি পরিবারের নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের নিয়ে অশালীন বা মানহানিকর মন্তব্য করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

বিজয়ের এ বক্তব্য এসেছে বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে ঘিরে অভিনেত্রী তৃষাকে নিয়ে কথিত মন্তব্যের বিতর্কের কয়েক দিন পর। আগস্টে কাবেরী নদী নিয়ে এক প্রতিবাদ সভায় উদয়নিধির দেওয়া একটি বক্তব্য তৃষাকে ইঙ্গিত করে করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তবে ডিএমকের দাবি, বক্তব্যটি সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে এবং উদয়নিধি তৃষার নাম উল্লেখ করেননি। পরে পুলিশ তাকে হেফাজতে নিলেও মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

বিধানসভায় বিজয় আরও অভিযোগ করেন, অতীতেও একই বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে নারীদের অপমানের অভিযোগ উঠেছে। একই বিধানসভায় সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাকে অপমান করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজয়ের বক্তব্যের সমালোচনা করেন উদয়নিধি। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ডিএমকের বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন অভিযোগ তুললেও বিরোধী দলকে তার জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

উদয়নিধির দাবি, মুখ্যমন্ত্রী পুলিশ বিভাগ নিয়ে প্রায় ১১ মিনিট বক্তব্য দেওয়ার সময় তারা নীরবে শুনেছেন। পরে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হলেও কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না—এমন মন্তব্য করে তিনি অভিযোগের পক্ষে প্রমাণ দেওয়ার দাবি জানান।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

রোহিঙ্গা সংকট নিয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রোহিঙ্গা সংকট নিয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

 যোগফল প্রতিবেদক:

রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনের সঙ্গে বৈঠক করেছেন জাপানের The Nippon Foundation ও Sasakawa Peace Foundation (SPF)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন The Nippon Foundation-এর চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়ন সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বলা হয়, বৈদেশিক মানবিক সহায়তা ও অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, সুরক্ষা, আশ্রয়সহ জরুরি মানবিক কার্যক্রম অব্যাহত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের মৌলিক মানবিক প্রয়োজন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের পর্যাপ্ত, অব্যাহত ও দীর্ঘমেয়াদি অর্থায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখতে The Nippon Foundation ও Sasakawa Peace Foundation-এর সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার জন্য জাপানের প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য চলমান কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত ও কার্যকর অংশীদারিত্ব আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধি দলের মধ্যে Sasakawa Peace Foundation-এর Center for Mediation Support-এর পরিচালক আকিকো হোরিবা এবং The Nippon Foundation-এর সেক্রেটারি টু দ্য অনারারি চেয়ার ও জেনারেল ম্যানেজার শোতা নাকায়াসুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

 যোগফল প্রতিবেদক:

বাংলাদেশের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠকে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের পরিবর্তে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান।

জনপ্রশাসন উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অন্যদিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদার কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য পাঠানোর বিষয়ে অনুরোধ জানিয়ে হাইকমিশনার দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্ব দেন।

পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুই দেশের জনগণের স্বার্থে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

খুলনার কয়রা উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জান্নাতি বতুল বাজার গ্রামের বাসিন্দা মুকুল সানার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলছিল জান্নাতি। একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরে খোঁজ করে পানির নিচ থেকে জান্নাতিকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও এর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।

উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বতুল বাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম