খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকা থেকে তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দলটির জানায়, আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-ইউ-১৩ অনুযায়ী আবেদন করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন আবেদনটি অনুমোদন করেছে বলে জানিয়েছে এনসিপি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় তার ভোটার স্থানান্তরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ভোট শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জিএমএস টেক্সটাইল কারখানার একটি বাস কালিয়াকৈরের মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এ সময় কয়েকজন সড়কের পাশেও ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে নারীসহ ১৫ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

যোগফল প্রতিবেদক:

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে কাজ করছে। বর্তমানে আইটিএফসির কাছ থেকে ব্যাংকটির ৪ কোটি মার্কিন ডলারের মুরাবাহা অর্থায়ন সুবিধা রয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও রয়েছে। এই অর্থায়ন সিটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহায়তা করছে।

বৈঠকে দুই প্রতিষ্ঠান তাদের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সিটি ব্যাংক জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন আরও সম্প্রসারণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতগুলোকে সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

ব্যাংকটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগও বাড়বে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মাগুরায় সরকারি সারের ৩২৮ বস্তা জব্দ গ্রেপ্তার ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাগুরায় সরকারি সারের ৩২৮ বস্তা জব্দ গ্রেপ্তার ২

 যোগফল প্রতিবেদক:

মাগুরার শ্রীপুরে অবৈধভাবে মজুত করে রাখা ৩২৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও শ্রীপুর থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পৃথক অভিযানে শাহীন জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আমন মৌসুমে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি এবং সরকারি সরবরাহের সার অবৈধভাবে মজুত ও কালোবাজারির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৬ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিট পর্যন্ত শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহিদ জোয়াদ্দারের বসতবাড়ি ও গুদাম এবং নবাব জোয়াদ্দারের দোকানঘর থেকে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

এ ঘটনায় শাহীন জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দারের বিরুদ্ধে শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। পরে আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের সিসিআইসি ও শ্রীপুর থানা পুলিশের পৃথক দল লাঙ্গলবাঁধ ও কোদলা এলাকায় অভিযান চালায়।

অভিযানে মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরকারি সরবরাহকৃত সার অবৈধভাবে মজুত ও কালোবাজারির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সরকারি বরাদ্দের সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট তৈরি ও কালোবাজারির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অনিয়মের তথ্য পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম