হরমুজ প্রণালিতে কেন কড়াকড়ি বাড়াতে চায় ইরান?
যোগফল প্রতিবেদক:
হরমুজ প্রণালির কাছে নির্দিষ্ট একটি এলাকায় কড়াকড়ি বা বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ইরান। এর নেপথ্যে ওমানের সঙ্গে নৌপথ চলাচল নিয়ে তেহরানের সম্ভাব্য একটি সমঝোতার বিষয় রয়েছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন জুনেস।
স্টিফেন জুনেসের মতে, ওমানের সঙ্গে ইরানের সম্ভাব্য এই সমঝোতা বাস্তবায়নের উপযোগী হলে এবং যুক্তরাষ্ট্রও তা মেনে নেয়, তাহলে ওই এলাকায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারে তেহরান।
তবে সমঝোতাটি বাস্তবায়িত না হলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে নতিস্বীকার করাতে নতুন একটি সংকট তৈরির প্রস্তুতি হিসেবেই ইরানের এই পদক্ষেপকে দেখা যেতে পারে বলে মনে করেন তিনি।
অধ্যাপক জুনেস বলেন, হরমুজ প্রণালির ওই এলাকায় কড়াকড়ি আরোপ করা হলে এর প্রভাব শুধু আঞ্চলিক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক নৌপরিবহনেও তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন বাহিনী নানা ধরনের চাপে রয়েছে। এর মধ্যে নতুন কোনো নিষিদ্ধ এলাকা তৈরি হলে মার্কিন সেনাদের ওপর অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব পড়তে পারে।
এ ছাড়া নিরাপত্তা ঝুঁকি বাড়লে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা ও বিমা কোম্পানিগুলো হরমুজ প্রণালির এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে অনীহা প্রকাশ করতে পারে। এতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর স্বার্থের বিষয়টিও তুলে ধরেছেন জুনেস। তার মতে, আঞ্চলিক উত্তেজনা কমানো এসব দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরান ও ওমানের সম্ভাব্য সমঝোতার মাধ্যমে যদি আন্তর্জাতিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বাড়ে, তাহলে সেটি সংশ্লিষ্ট সব পক্ষের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে। এই সুবিধা নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলো ট্রানজিট ফি বা শুল্ক দিতেও রাজি হতে পারে বলে মনে করেন তিনি। যদিও নীতিগতভাবে যুক্তরাষ্ট্র এ ধরনের ব্যবস্থার তীব্র বিরোধিতা করতে পারে।
জুনেস আরও জানান, পুরো প্রক্রিয়াজুড়ে ওমান ও অন্যান্য উপসাগরীয় দেশের মধ্যে পারস্পরিক আলোচনা হয়েছে। ওমানের বর্তমান অবস্থান তৈরিতেও এসব দেশের ভূমিকা রয়েছে।
তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছেন অধ্যাপক স্টিফেন জুনেস।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন