খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক, ১৪৩৩

চাঁদপুরে ডাকাতিয়া নদীতীরে ৭০০ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চাঁদপুরে ডাকাতিয়া নদীতীরে ৭০০ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ

 যোগফল প্রতিবেদক:

চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীর দখল করে গড়ে ওঠা প্রায় ৭০০ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পুরানবাজার মৌলভী ঘাট থেকে ইচলী ঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

নদীতীরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে নৌযান মেরামতের প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানাসহ নানা ধরনের স্থাপনা গড়ে উঠেছে। এসব স্থাপনার অধিকাংশেরই বিআইডব্লিউটিএর কাছ থেকে কোনো ইজারা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, দ্রুতই উচ্ছেদ অভিযান শুরু হবে। এ জন্য প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রাথমিকভাবে ১০ দিন ধরে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের পর সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার বিষয়ে জানানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, নদীতীরের দীর্ঘ এই এলাকার অধিকাংশ স্থাপনা কোনো ধরনের অনুমোদিত ইজারা ছাড়াই দখল করে গড়ে তোলা হয়েছে। অভিযানের আওতায় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনার পাশাপাশি নদীতীর দখল করে রাখা অন্যান্য অবকাঠামোও উচ্ছেদ করা হবে।

তবে নদীতীরের সব স্থাপনাকেই অবৈধ হিসেবে বিবেচনা করছে না কর্তৃপক্ষ। ফোরশোর ল্যান্ড অর্থাৎ নদীর তীরবর্তী অংশ ব্যবহারের জন্য ১৮টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে পদ্মা, মেঘনা ও যমুনা নামের প্রতিষ্ঠান ছাড়াও রুপালি অটো রাইস মিল, সোনালী টেক্সটাইল মিল ও দুটি ডকইয়ার্ড রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব লাইসেন্সকে নদীতীরের জমি ইজারা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। বিআইডব্লিউটিএ কাউকে নদীতীরের জায়গা লিজ দেয়নি; নির্দিষ্ট শর্তে শুধু ফোরশোর ল্যান্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নদীতীরের এসব স্থাপনার মধ্যে বেশ কিছু নৌযান মেরামতের প্রতিষ্ঠান রয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানের মেরামত ও রক্ষণাবেক্ষণে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান ব্যবহৃত হয়ে আসছে। ফলে উচ্ছেদ অভিযান শুরু হলে এ খাতের ব্যবসায়ী ও শ্রমিকদের ওপরও এর প্রভাব পড়তে পারে।

ব্যবসায়ী তাফাজ্জল হোসেন বলেন, এসব প্রতিষ্ঠান সরিয়ে দেওয়া হলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। শিপইয়ার্ড বন্ধ হলে সেখানে কর্মরত শ্রমিকরাও সংকটে পড়বেন। অনেক শ্রমিকের পরিবারের আয়ের প্রধান উৎস এসব প্রতিষ্ঠান। তাই উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসন বা বিকল্প জায়গার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।

অন্যদিকে নদীর তীর দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নদীতীর দখল হয়ে গেলে নৌ চলাচল, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিনের দখল উচ্ছেদ করা গেলে নদীর তীর উন্মুক্ত হওয়ার পাশাপাশি নৌযান চলাচলের পরিবেশও উন্নত হতে পারে।

তবে অতীতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর পর আবারও দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তাই উচ্ছেদের পর উদ্ধার হওয়া জায়গাগুলো কীভাবে সংরক্ষণ করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, অভিযান পরিচালনায় প্রশাসনের সহায়তা নেওয়া হবে। ম্যাজিস্ট্রেট নিয়োগের পর মাইকিং করে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সেগুলো উচ্ছেদ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

ছবি যোগফল প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকা থেকে কথিত ‘ডন বাবু’ ওরফে ‘গ্রেনেড বাবু’ এবং ‘নবাব’ নামে পরিচিত মোল্লা ইয়ামিন, তাঁর মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর এবং দ্বিতীয় দফায় ২৫ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর কাছে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাঁরা পৃথক দুটি মামলা করেন। মামলাগুলো পাইকগাছা থানায় ২৭ ও ২৮ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে, তারিখ ২৭/১০ বলে জানা গেছে।

মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সার্বিক দিকনির্দেশনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান পরিচালনা করে বহুল আলোচিত ফোনে চাঁদাবাজির ঘটনার ৩ আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। তার নামে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে। 

এদিকে, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে সর্বহারা পার্টির পরিচয় দিয়ে আসলাম শিকদার নামে এক ব্যক্তি চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিন উদ্দিন ও শিহাব মোল্লা

সাইফুল ইসলাম  ।। গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লা নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাওন মোল্লা পলাতক রয়েছে। 

মামলার অপর আসামি লেয়াকত আলী মোল্লাকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মানজুরুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে তালহা ওরফে মুহিন মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে ২৪ ফেব্রুয়ারি রাতে মানজুরুল ইসলামের ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘরে থাকা একটি ট্রাংক থেকে মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা মানজুরুল ইসলাম ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। তবে রায়ে নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
মামলার বাদী ও ভিকটিমের পিতা মনজুরুল ইসলাম রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড.এম জুলকদর রহমান।

নিবন্ধনের দাবিতে তারেক রহমানের অনশন ১৩১ ঘণ্টা, শারীরিক অবস্থা সংকটাপন্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিবন্ধনের দাবিতে তারেক রহমানের অনশন ১৩১ ঘণ্টা, শারীরিক অবস্থা সংকটাপন্ন

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। অনশনের ১৩১ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে দাবি করেছে দলটি।

রোববার (৯ নভেম্বর) বিকেলে আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান। তিনি বর্তমানে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন বলে দাবি করে তাঁর জীবন রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

দলটির নিবন্ধনসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করার পাশাপাশি অনশনরত তারেক রহমানের জীবন রক্ষায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

গত ৪ নভেম্বর বিকেল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন করছেন তারেক রহমান। তাঁর কর্মসূচির প্রতি বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তারেক রহমানকে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একজন সংগ্রামী ও সাহসী তরুণ নেতা হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থান, ২০১৮ সালের কোটা আন্দোলনসহ রাষ্ট্রের বিভিন্ন সংকটময় মুহূর্তে তিনি আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অনশনের ১৩১ ঘণ্টা পার হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে দলটি মনে করছে। নিবন্ধনের দাবির বিষয়ে কমিশনের নীরবতা ও উদাসীনতা জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করছে বলেও দাবি করা হয়।

তারেক রহমানের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম