খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র, ১৪৩৩

নেপালে ভয়াবহ বন্যা-ধস, প্রাণহানি ৬০০ ছাড়িয়েছে; নিখোঁজ দুই হাজার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নেপালে ভয়াবহ বন্যা-ধস, প্রাণহানি ৬০০ ছাড়িয়েছে; নিখোঁজ দুই হাজার

 যোগফল প্রতিবেদক:

পাহাড়ি ঢল আর ধসের পর ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে নেপাল। তিব্বত সীমান্তবর্তী এলাকায় হঠাৎ নেমে আসা প্রবল স্রোত ও কাদাপানিতে ভেসে গেছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ। দুর্গত এলাকাগুলোতে এখনো চলছে নিখোঁজদের সন্ধান ও আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা।

শনিবার (২৯ আগস্ট) দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। পুলিশের তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে নেপালে এখন পর্যন্ত অন্তত ৬১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দুই হাজারের বেশি মানুষ।

এদিকে নেপালের পাশাপাশি তিব্বতেও এ দুর্যোগের প্রভাব পড়েছে। চীনের পক্ষ থেকে তিব্বতে অন্তত সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬২৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর নেপালে এটি সবচেয়ে বড় ও প্রাণঘাতী দুর্যোগগুলোর একটি।

জানা গেছে, পাহাড়ের ওপর বিশাল একটি হিমবাহ ধসে পড়ার পর পাথর, বরফ ও পানির মিশ্রণে ভয়াবহ কাদা-পানির স্রোত তৈরি হয়। পরে সেই স্রোত পাহাড়ি নদীগুলো দিয়ে নেমে এসে আশপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

প্রবল স্রোতে নদীর পানি উপচে পড়ায় প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। বহু ঘরবাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত অঞ্চলের সঙ্গে যোগাযোগও ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা জোরদার করেছে নেপাল সরকার। দুর্গত এলাকায় নিখোঁজ ও আটকা পড়া মানুষদের সন্ধানে হেলিকপ্টার ও সেনাসদস্যদের ব্যবহার করে বড় আকারের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

তবে দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ, চুক্তি কত বছর?

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ, চুক্তি কত বছর?

 যোগফল প্রতিবেদক:

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে অ্যাস্টন ভিলা থেকে দলে ভিড়িয়েছে চেলসি। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

রোববার (৩০ আগস্ট) এক বিবৃতিতে মার্টিনেজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে চেলসি। তবে দলবদলের আর্থিক অঙ্ক প্রকাশ করেনি তারা। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মার্টিনেজকে পেতে প্রায় ৭.৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে চেলসি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকা।

চেলসিতে যোগ দিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন মার্টিনেজ। তিনি বলেন, নতুন ক্লাবে সফল হতে চান এবং প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামবেন। চেলসির মতো শিরোপাপ্রত্যাশী ক্লাবে সেই মানসিকতা কাজে লাগাতে চান তিনি।

অ্যাস্টন ভিলায় প্রায় ছয় বছর কাটানোর পর এবার নতুন ঠিকানায় পাড়ি জমালেন মার্টিনেজ। ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচে গোলবার সামলেছেন তিনি। এই সময়ে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজের অবস্থান তৈরি করেন।

গত মৌসুমেও অ্যাস্টন ভিলার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মার্টিনেজের। উনাই এমেরির দল প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয় এবং ইউরোপা লিগের শিরোপাও জেতে।

চেলসিতে অবশ্য সরাসরি মূল একাদশে জায়গা নিশ্চিত নয় মার্টিনেজের। প্রথম পছন্দের গোলরক্ষকের জায়গার জন্য তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রবার্ট সানচেজের সঙ্গে। ২০২৩ সালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে সানচেজই নিয়মিত প্রথম পছন্দ ছিলেন। তবে সাম্প্রতিক ম্যাচে কিছু ভুলের পর তার একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও মার্টিনেজের সাফল্য উল্লেখযোগ্য। ২০২২ সালের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাতেও শিরোপা জিতেছেন তিনি।

মার্টিনেজের চেলসিতে যোগ দেওয়ায় অ্যাস্টন ভিলার দলেও বড় পরিবর্তন এসেছে। এর আগে ব্রিটিশ রেকর্ড ফিতে চেলসিতে যোগ দিয়েছেন মরগান রজার্স। পাশাপাশি ইউরি তিলেমানস, জ্যাডন সানচো, ডগলাস লুইজ ও লুকাস দিনেও ক্লাব ছেড়েছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভারতীয় নারী দলে খেলে বিশ্বকাপ জিততে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া বাঙ্গার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভারতীয় নারী দলে খেলে বিশ্বকাপ জিততে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া বাঙ্গার

 যোগফল প্রতিবেদক:

লিঙ্গ রূপান্তরের পর অবশেষে নারীদের ক্রিকেটে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে নারীদের বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলার অনুমতি দিয়েছে।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের অনুমোদন পাওয়ার পর অনয়ার সামনে খুলেছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার নতুন সুযোগ। তবে তার সবচেয়ে বড় স্বপ্ন ভারতের নারী ক্রিকেট দলের হয়ে খেলা এবং দেশকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া।

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে নারী ক্রিকেটে খেলার অনুমতি দেয়নি। এ বিষয়ে অনয়া আশাবাদী, ভবিষ্যতে ভারতীয় বোর্ড বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং তার মতো ক্রিকেটারদের জন্য নতুন নীতিমালা তৈরি করবে।

এক সাক্ষাৎকারে অনয়া বলেন, তিনি আশা করেন বিসিসিআই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং একদিন ভারতের নারী দলে খেলার সুযোগ পাবেন। দেশের হয়ে বিশ্বকাপ জেতাকেই তিনি নিজের চূড়ান্ত লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

বিসিসিআইয়ের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে অনয়া বলেন, রূপান্তরের পর বোর্ডের নীরবতা তাকে গভীরভাবে হতাশ করেছে। তিনি জানতেন, লিঙ্গ রূপান্তরের পর ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। তবে তার আশা, ভবিষ্যতে এ ধরনের ক্রিকেটারদের জন্য ভারতীয় ক্রিকেটে একটি স্পষ্ট ও অন্তর্ভুক্তিমূলক নীতি তৈরি হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদনের ফলে অনয়া এখন নারীদের ক্রিকেটে নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও ভারতের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণে তাকে এখনও বিসিসিআইয়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

 যোগফল প্রতিবেদক:

দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আফরোজা আব্বাস জানান, মির্জা আব্বাসের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

তিনি বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই ভালো। দেশে ফেরার জন্য তিনি বেশ আগ্রহী ছিলেন এবং গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফেরার তাগাদা দিয়ে আসছিলেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা শেষে চিকিৎসক বোর্ড তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছে। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা চলমান থাকবে। প্রতিদিন তাকে থেরাপি নিতে হবে এবং এর প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ফিজিওথেরাপি নেন।

এরও আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারালে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম