খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র, ১৪৩৩

তরুণদের জন্য বড় পরিবর্তনের মুখে ফেসবুক-ইনস্টাগ্রাম

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তরুণদের জন্য বড় পরিবর্তনের মুখে ফেসবুক-ইনস্টাগ্রাম

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

যোগফল প্রতিবেদক:

রুণ ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে বড় ধরনের আইনি চাপে পড়েছে মেটা। যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের করা মামলায় প্রতিষ্ঠানটি হেরে গেলে ফেসবুক ও ইনস্টাগ্রামের বেশ কিছু পরিচিত ফিচার এবং অ্যালগরিদমে বড় পরিবর্তন আনতে হতে পারে।

২০২৩ সালে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ ৩০টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করে। মামলায় অভিযোগ করা হয়েছে, শিশু ও কিশোরদের গোপনীয়তা ও সুরক্ষার ক্ষেত্রে মেটা ফেডারেল ও অঙ্গরাজ্যের বিভিন্ন আইন লঙ্ঘন করেছে।

মামলাকারীরা মেটার কাছে এক ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি তরুণদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার-পদ্ধতিতে পরিবর্তনের দাবিও জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে কিশোরদের জন্য অভিভাবক যাচাইয়ের ব্যবস্থা, ইনফিনিট স্ক্রল ও অটোপ্লে সীমিত করা, লাইক সংখ্যা প্রদর্শন বন্ধ করা এবং ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার উদ্দেশ্যে তৈরি সুপারিশ অ্যালগরিদমে পরিবর্তন আনা।

এ ছাড়া তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে এমন কিছু ইমেজ ফিল্টার সরিয়ে ফেলা, একাধিক অ্যাকাউন্ট তৈরির সুযোগ সীমিত করা এবং নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এমন পোস্টের ব্যবস্থাতেও পরিবর্তনের দাবি করা হয়েছে।

অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, এসব ফিচার এমনভাবে নকশা করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে থাকেন এবং বারবার ফিরে আসেন। ঘন ঘন নোটিফিকেশন পাঠানোর মাধ্যমেও তরুণদের প্ল্যাটফর্মে ধরে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

তবে মেটা এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, তরুণদের সহায়তা ও নিরাপত্তার বিষয়ে মেটার দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে এবং মামলার শুনানিতে তার প্রমাণ পাওয়া যাবে।

মামলাটির শুনানি হবে ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক ইভন গনজালেজ রজার্সের আদালতে। এর আগে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যকার আলোচিত মামলাটিও তার আদালতে হয়েছিল।

এরই মধ্যে নিউ মেক্সিকোতে মেটার বিরুদ্ধে পৃথক একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ৯৪ কোটি ২০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। সেখানে ১৮ বছরের কম বয়সীদের জন্য লাইক সংখ্যা প্রদর্শন বন্ধ, কিশোরদের মাধ্যমে নগ্ন ছবি আদান-প্রদান ঠেকানো এবং নির্দিষ্ট সময়ে পুশ নোটিফিকেশন সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মেটা ওই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে।

এবার ৩০ অঙ্গরাজ্যের মামলায় মেটা হেরে গেলে শুধু বিপুল অঙ্কের জরিমানাই নয়, যুক্তরাষ্ট্রজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার-পদ্ধতিতেও বড় পরিবর্তন আসতে পারে। মামলায় থাকা অঙ্গরাজ্যগুলোর জনসংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ হওয়ায় এর প্রভাবও হতে পারে ব্যাপক।

বিশেষ করে ‘লাইক’ ফিচার নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন গবেষণায় সামাজিক যোগাযোগমাধ্যমের এনগেজমেন্ট মেট্রিক তরুণদের মধ্যে সামাজিক তুলনা, প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি ও নেতিবাচক আবেগ বাড়াতে পারে বলে উঠে এসেছে।

ফলে এই মামলার রায় শুধু মেটার জন্য আর্থিকভাবে গুরুত্বপূর্ণ নয়; যুক্তরাষ্ট্রে তরুণদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতাও বদলে দিতে পারে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ, চুক্তি কত বছর?

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ, চুক্তি কত বছর?

 যোগফল প্রতিবেদক:

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে অ্যাস্টন ভিলা থেকে দলে ভিড়িয়েছে চেলসি। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

রোববার (৩০ আগস্ট) এক বিবৃতিতে মার্টিনেজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে চেলসি। তবে দলবদলের আর্থিক অঙ্ক প্রকাশ করেনি তারা। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মার্টিনেজকে পেতে প্রায় ৭.৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে চেলসি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকা।

চেলসিতে যোগ দিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন মার্টিনেজ। তিনি বলেন, নতুন ক্লাবে সফল হতে চান এবং প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামবেন। চেলসির মতো শিরোপাপ্রত্যাশী ক্লাবে সেই মানসিকতা কাজে লাগাতে চান তিনি।

অ্যাস্টন ভিলায় প্রায় ছয় বছর কাটানোর পর এবার নতুন ঠিকানায় পাড়ি জমালেন মার্টিনেজ। ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচে গোলবার সামলেছেন তিনি। এই সময়ে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজের অবস্থান তৈরি করেন।

গত মৌসুমেও অ্যাস্টন ভিলার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মার্টিনেজের। উনাই এমেরির দল প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয় এবং ইউরোপা লিগের শিরোপাও জেতে।

চেলসিতে অবশ্য সরাসরি মূল একাদশে জায়গা নিশ্চিত নয় মার্টিনেজের। প্রথম পছন্দের গোলরক্ষকের জায়গার জন্য তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রবার্ট সানচেজের সঙ্গে। ২০২৩ সালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে সানচেজই নিয়মিত প্রথম পছন্দ ছিলেন। তবে সাম্প্রতিক ম্যাচে কিছু ভুলের পর তার একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও মার্টিনেজের সাফল্য উল্লেখযোগ্য। ২০২২ সালের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাতেও শিরোপা জিতেছেন তিনি।

মার্টিনেজের চেলসিতে যোগ দেওয়ায় অ্যাস্টন ভিলার দলেও বড় পরিবর্তন এসেছে। এর আগে ব্রিটিশ রেকর্ড ফিতে চেলসিতে যোগ দিয়েছেন মরগান রজার্স। পাশাপাশি ইউরি তিলেমানস, জ্যাডন সানচো, ডগলাস লুইজ ও লুকাস দিনেও ক্লাব ছেড়েছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভারতীয় নারী দলে খেলে বিশ্বকাপ জিততে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া বাঙ্গার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভারতীয় নারী দলে খেলে বিশ্বকাপ জিততে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া বাঙ্গার

 যোগফল প্রতিবেদক:

লিঙ্গ রূপান্তরের পর অবশেষে নারীদের ক্রিকেটে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে নারীদের বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলার অনুমতি দিয়েছে।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের অনুমোদন পাওয়ার পর অনয়ার সামনে খুলেছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার নতুন সুযোগ। তবে তার সবচেয়ে বড় স্বপ্ন ভারতের নারী ক্রিকেট দলের হয়ে খেলা এবং দেশকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া।

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে নারী ক্রিকেটে খেলার অনুমতি দেয়নি। এ বিষয়ে অনয়া আশাবাদী, ভবিষ্যতে ভারতীয় বোর্ড বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং তার মতো ক্রিকেটারদের জন্য নতুন নীতিমালা তৈরি করবে।

এক সাক্ষাৎকারে অনয়া বলেন, তিনি আশা করেন বিসিসিআই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং একদিন ভারতের নারী দলে খেলার সুযোগ পাবেন। দেশের হয়ে বিশ্বকাপ জেতাকেই তিনি নিজের চূড়ান্ত লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

বিসিসিআইয়ের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে অনয়া বলেন, রূপান্তরের পর বোর্ডের নীরবতা তাকে গভীরভাবে হতাশ করেছে। তিনি জানতেন, লিঙ্গ রূপান্তরের পর ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। তবে তার আশা, ভবিষ্যতে এ ধরনের ক্রিকেটারদের জন্য ভারতীয় ক্রিকেটে একটি স্পষ্ট ও অন্তর্ভুক্তিমূলক নীতি তৈরি হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদনের ফলে অনয়া এখন নারীদের ক্রিকেটে নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও ভারতের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণে তাকে এখনও বিসিসিআইয়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

 যোগফল প্রতিবেদক:

দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আফরোজা আব্বাস জানান, মির্জা আব্বাসের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

তিনি বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই ভালো। দেশে ফেরার জন্য তিনি বেশ আগ্রহী ছিলেন এবং গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফেরার তাগাদা দিয়ে আসছিলেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা শেষে চিকিৎসক বোর্ড তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছে। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা চলমান থাকবে। প্রতিদিন তাকে থেরাপি নিতে হবে এবং এর প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ফিজিওথেরাপি নেন।

এরও আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারালে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম