পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। এ প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে। এ নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব এবং পাল্টা যুক্তি পর্যালোচনা করা হচ্ছে।
বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, বাহ্যিক কোনো বাধা সৃষ্টি না হলে মঙ্গলবারের মধ্যেই মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এসব তথ্য জানান।
তিনি বলেন, উভয়পক্ষ বিশেষজ্ঞদের নিয়ে মজুরি বোর্ডের সভায় অংশ নিয়েছে। সেখানে তথ্য-উপাত্তের ভিত্তিতে নিজ নিজ প্রস্তাবের পক্ষে যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করা হয়েছে। বৈঠক চলছে এবং ইতোমধ্যে দুই পক্ষ তিন ধাপে মজুরির প্রস্তাব দিয়েছে।
চেয়ারম্যান বলেন, ‘বাহ্যিক কোনো ডিস্টার্বেন্স না হলে আজকের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে।’
মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষ প্রথম ধাপে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরবর্তী সময়ে দ্বিতীয় ও তৃতীয় ধাপে যথাক্রমে ২৫ হাজার ও ২২ হাজার টাকা প্রস্তাব করা হয়।
অন্যদিকে, মালিকপক্ষ প্রথম ধাপে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ১৫ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। সর্বশেষ তৃতীয় ধাপে তাদের প্রস্তাব বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭০০ টাকা।
এখন দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন