কালিয়াকৈরে পৌরসভার রাস্তা দ'খ'ল করে কারখানার সীমানাপ্রাচীর, ভোগান্তিতে ৫০ পরিবার
বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে পৌরসভার দখলকৃত রাস্তা
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বোর্ডমিল এলাকায় পৌরসভার রাস্তা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে লিডা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে চলাচলের পথ বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫০টি পরিবারের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য ব্যবহৃত পিচঢালা রাস্তার ওপর গর্ত করে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করছেন কারখানার লোকজন। এতে স্থানীয়দের চলাচলের পথ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা সাদেকুর রহমান খাঁন ইসলাম বলেন, আমার বাসার সামনে হঠাৎ কারখানা কর্তৃপক্ষ আমার দেওয়া রাস্তার জায়গা জবরদখল করে রাতের আঁধারে সীমানাপ্রাচীর নির্মাণ করেছে। বিষয়টি একাধিকবার তাদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
আরেক বাসিন্দা ফজলু মিয়া বলেন, আমাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তার সামনে সীমানাপ্রাচীর নির্মাণ করায় এখন আর স্বাভাবিকভাবে বের হতে পারছি না। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান পাইনি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের চলাচলের রাস্তা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নারী, শিশু ও বয়স্কদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণ বন্ধ করে চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, জমিটি তাদের নিজস্ব। কারখানার নিরাপত্তার স্বার্থেই সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে কালিয়াকৈর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, সরেজমিনে পরিদর্শন করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মতামত লিখুন