নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর আশিক খান (২৪) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার একটি ধানক্ষেতের পাশের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশিক খান ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মাছ ধরার জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান আশিক। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার (১৩ নভেম্বর) মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার দুপুরে খালের অপর পাশে একটি পরিত্যক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বজনরা মরদেহটি আশিকের বলে শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, আশিকের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার স্বজনরা। তাদের অভিযোগ, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আশিককে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
নিহত আশিকের বোন নিপা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার কঠিন বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ শুরু করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন