নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৬ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ছাত্র জমিয়ত। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার অন্যতম প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান, গণহত্যা ও দমন-পীড়নের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা।
সংগঠনটির নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এবং নিষিদ্ধ ছাত্রলীগের তাতে সমর্থন ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার পরিপন্থি। এ ধরনের তৎপরতা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও প্রশাসনকে দায়িত্বশীলতার সঙ্গে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
ছাত্র জমিয়তের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে হতাশা তৈরি করছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অপরাধীদের দ্রুত বিচার ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার বিকল্প নেই।
বিবৃতিতে কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ সব শাখা-উপশাখার নেতাকর্মীদের আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনানুগভাবে প্রতিহত করার কথা বলা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন নস্যাৎ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্থিতিশীলতা, জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্র জমিয়ত বাংলাদেশ দায়িত্বশীল ও আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম
আপনার মতামত লিখুন