খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

সমবায়ের আড়ালে অনিয়মের অভিযোগ: সংবাদ প্রকাশে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সমবায়ের আড়ালে অনিয়মের অভিযোগ: সংবাদ প্রকাশে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

যোগফল প্রতিবেদক:

লালমনিরহাটে ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’-এর বিরুদ্ধে অবৈধ ঋণ ব্যবসা, চড়া সুদে কিস্তি আদায় ও গ্রাহকদের নিম্নমানের পণ্য দেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২ জুলাই রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন সমবায় সমিতিটির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাশেম ওরফে বাবুল। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলায় দৈনিক কালবেলার লালমনিরহাট প্রতিনিধি এসকে সাহেদ এবং নয়া দিগন্তের ডিজিটাল প্রতিনিধি মো. জুবাইর আহমেদ খানকে আসামি করা হয়েছে।

মামলার শিকার সাংবাদিকদের সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল দৈনিক কালবেলায় ‘গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও তিস্তা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে গ্রাহকদের আমানতের অর্থ আটকে রাখা, ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সুদে টাকা লেনদেন এবং সঞ্চয়ের টাকার বিপরীতে নিম্নমানের পণ্য দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদনে ভুক্তভোগী গ্রাহকদের বক্তব্য এবং তাদের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তার বিষয়ও তুলে ধরা হয়। একই ধরনের অভিযোগ নিয়ে আরও কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর গত ২ জুলাই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন এম এ হাশেম। মামলায় ডিজিটাল প্ল্যাটফর্মে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডি লালমনিরহাটকে দায়িত্ব দিয়েছেন।

কালবেলার জেলা প্রতিনিধি এসকে সাহেদ বলেন, সাধারণ মানুষের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়ার পর তিনি সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন করেছেন।

তিনি বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ করিনি। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে কী ঘটছে, সেটিই তুলে ধরেছি। অনিয়ম আড়াল করতে এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই এই মামলা করা হয়েছে।’

এদিকে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটের সাংবাদিক সমাজ।

লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন বলেন, তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি সংবাদটি খণ্ডন করতে পারেন। কিন্তু সরাসরি সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করার শামিল। তিনি মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

সাংবাদিক নেতা শরিফুল ইসলাম রতন বলেন, অনিয়মের অভিযোগ আড়াল করতেই সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক মামলা করা হয়েছে। তারা সিআইডির নিরপেক্ষ তদন্তের অপেক্ষায় রয়েছেন।

মামলার অভিযোগের বিষয়ে এম এ হাশেম ওরফে বাবুলের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মামলার তদন্ত চলমান থাকায় এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন সিআইডি লালমনিরহাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয় ভুক্তভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অভিযোগ, সমবায় সমিতির আড়ালে কোটি কোটি টাকা নিয়ে অনিয়মের অভিযোগ থাকলেও প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের মামলায় জড়ানো হচ্ছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

রোহিঙ্গা সংকট নিয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রোহিঙ্গা সংকট নিয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

 যোগফল প্রতিবেদক:

রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনের সঙ্গে বৈঠক করেছেন জাপানের The Nippon Foundation ও Sasakawa Peace Foundation (SPF)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন The Nippon Foundation-এর চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়ন সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বলা হয়, বৈদেশিক মানবিক সহায়তা ও অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, সুরক্ষা, আশ্রয়সহ জরুরি মানবিক কার্যক্রম অব্যাহত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের মৌলিক মানবিক প্রয়োজন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের পর্যাপ্ত, অব্যাহত ও দীর্ঘমেয়াদি অর্থায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখতে The Nippon Foundation ও Sasakawa Peace Foundation-এর সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার জন্য জাপানের প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য চলমান কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত ও কার্যকর অংশীদারিত্ব আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধি দলের মধ্যে Sasakawa Peace Foundation-এর Center for Mediation Support-এর পরিচালক আকিকো হোরিবা এবং The Nippon Foundation-এর সেক্রেটারি টু দ্য অনারারি চেয়ার ও জেনারেল ম্যানেজার শোতা নাকায়াসুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

 যোগফল প্রতিবেদক:

বাংলাদেশের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠকে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের পরিবর্তে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান।

জনপ্রশাসন উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অন্যদিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদার কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য পাঠানোর বিষয়ে অনুরোধ জানিয়ে হাইকমিশনার দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্ব দেন।

পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুই দেশের জনগণের স্বার্থে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

খুলনার কয়রা উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জান্নাতি বতুল বাজার গ্রামের বাসিন্দা মুকুল সানার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলছিল জান্নাতি। একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরে খোঁজ করে পানির নিচ থেকে জান্নাতিকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও এর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।

উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বতুল বাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম