খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

ময়নাতদন্ত ছাড়াই দাফন, সোহাগের মৃত্যু নিয়ে উঠেছে প্রশ্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়নাতদন্ত ছাড়াই দাফন, সোহাগের মৃত্যু নিয়ে উঠেছে প্রশ্ন

 যোগফল প্রতিবেদক:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নবীর বাজার এলাকায় মো. সোহাগ চৌধুরী (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

রোববার জানাজা ও দাফন শেষে নবীর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সোহাগের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নিহত সোহাগ নবীর বাজার এলাকার নুর নবী চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চরজব্বর থানার এসআই মিঠুন চক্রবর্তী ও এএসআই ম্যানবাবু বড়ুয়া সাদাপোশাকে সোহাগকে গ্রেপ্তারের জন্য নবীর বাজার এলাকায় যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাজারের পাশের একটি কাঁচা ড্রেনে পড়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে সোহাগের পরিবারের দাবি, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নয়। নিহতের ছোট ভাই মো. আকবর অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধের একটি মামলার বাদী লিটন ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতিতে সোহাগকে ধাওয়া ও মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানববন্ধনে স্বজনরা আরও অভিযোগ করেন, মোহাম্মদপুর এলাকার যুবদল নেতা দিদারের ইন্ধনে লিটন, জাফরসহ কয়েকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। তাদের দাবি, সোহাগের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু কোনো সুরতহাল প্রতিবেদন বা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

বক্তারা বলেন, ময়নাতদন্ত না হওয়ায় সোহাগের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে মামলার বাদী লিটনের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

অন্যদিকে অভিযানে থাকা এসআই মিঠুন চক্রবর্তী মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সোহাগ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নিজেই পড়ে গিয়ে আহত হন। তাকে কেউ মারধর করেনি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ গেলে তিনি দূর থেকে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। সোহাগের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জিএমএস টেক্সটাইল কারখানার একটি বাস কালিয়াকৈরের মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এ সময় কয়েকজন সড়কের পাশেও ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে নারীসহ ১৫ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

যোগফল প্রতিবেদক:

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে কাজ করছে। বর্তমানে আইটিএফসির কাছ থেকে ব্যাংকটির ৪ কোটি মার্কিন ডলারের মুরাবাহা অর্থায়ন সুবিধা রয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও রয়েছে। এই অর্থায়ন সিটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহায়তা করছে।

বৈঠকে দুই প্রতিষ্ঠান তাদের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সিটি ব্যাংক জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন আরও সম্প্রসারণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতগুলোকে সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

ব্যাংকটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগও বাড়বে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম