হাতের মুঠোয় ম্যাচ, ক্যাচ মিসে হার বাংলাদেশের
যোগফল প্রতিবেদক:
নারী এশিয়া কাপে শ্রীলঙ্কা নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। রোববার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৪ রানের সংগ্রহ গড়ে টাইগ্রেসরা। ছোট লক্ষ্য হলেও বল হাতে শুরুতে দারুণ লড়াই করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার ৪৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশের বোলাররা। তবে শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিসের পর বদলে যায় ম্যাচের চিত্র। সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি বলেন, ১৮তম ওভার পর্যন্ত ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। ওই ওভারে ডিপ মিড উইকেটে একটি ক্যাচ মিস হওয়াকে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।
সোবহানা বলেন, ক্যাচটি নিতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। তার মতে, ওই সময় পর্যন্ত বাংলাদেশ জয়ের পথেই ছিল।
তবে শুধু ফিল্ডিং নয়, দলের ব্যাটিং নিয়েও আক্ষেপ রয়েছে সোবহানার। তার মতে, ১১৪ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪০ রানের বেশি। মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কিছুটা কমে যায়। শেষ তিন-চার ওভারেও প্রত্যাশামতো রান তুলতে পারেনি দল।
শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। আগামী ৮ সেপ্টেম্বরের ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হবে।
সোবহানার ভাষ্য, এখন দলের পুরো মনোযোগ শেষ ম্যাচকে ঘিরে। সেমিফাইনালে যেতে হলে যেকোনো মূল্যে সেই ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য বাংলাদেশের।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন