হাঁস নিয়ে পারিবারিক বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির
ছবি : সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁস নিয়ে পারিবারিক বিরোধের জেরে নাতির লাথিতে আহত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুলাই) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ইয়ারুন নেসা (৬০) উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের রূপচান মাঝির স্ত্রী। এর আগে রোববার বিকেলে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ারুন নেসা ও তার নাতি মো. মেহেদী হাসানের পরিবারের পৃথক দুটি হাঁস ছিল। এক পর্যায়ে মেহেদী নিজের হাঁস খুঁজে না পেয়ে দাদির হাঁসটিকে নিজের বলে দাবি করেন এবং তা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তর্কের একপর্যায়ে ইয়ারুন নেসা হাতে থাকা একটি লাঠি দিয়ে নাতিকে আঘাত করেন। এতে ক্ষুব্ধ হয়ে মেহেদী হাসান নানিকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত ইয়ারুন নেসাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে সোহরাব মাঝি বলেন, "সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে আমার মায়ের এমন পরিণতি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান বলেন, হাঁস নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন