শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আটক চালক
ছবি : সংগৃহীত
যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত ৮টার দিকে বাগআঁচড়া এলাকার জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
পুলিশ জানায়, আবু সাঈদ ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা আকিজ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে এবং চালক মাসুদুর রহমানকে পুলিশের হাতে তুলে দেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল পাল জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন