যোগফল প্রতিবেদক:
অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষ করে দেশের পথে রওনা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একান্ত প্রয়োজনের কথা উল্লেখ করে মালয়েশিয়ায় নির্ধারিত এক দিনের সফরও স্থগিত করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান জামায়াত আমির।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতায় মুগ্ধ ও অভিভূত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসীদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান ও সম্মান কামনা করেন।
প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে তিনি লেখেন, তাঁরা বাংলাদেশকে গভীর আন্তরিকতায় ধারণ করেন, দেশকে নিয়ে স্বপ্ন দেখেন এবং দেশের জন্য অবদান রাখতে চান। প্রবাসীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রাপ্য সম্মান দেওয়া দেশেরও দায়িত্ব বলে মনে করেন তিনি।
সফর স্থগিতের বিষয়ে জামায়াত আমির জানান, একান্ত প্রয়োজনের কারণে মালয়েশিয়ায় নির্ধারিত এক দিনের সফরটি স্থগিত করেছেন। তবে ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবাসী ভাই-বোনদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে অস্ট্রেলিয়ায় অবস্থানকালে সহযোগিতা ও আন্তরিকতা দেখানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ডা. শফিকুর রহমান।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম