যোগফল প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার জেরে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিবর্তন এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবদল ও বিএনপির লোকজন জামায়াত নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছেন। ওসির নেতৃত্বে বিভিন্ন মোড়ে পাহারা বসিয়ে এসব অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ওসি তাদের সুরক্ষা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, হামলা ও অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের পক্ষ থেকে তার ক্ষতিপূরণ দিতে হবে। থানার ওসিকে পরিবর্তন করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
এ সময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, ঈশ্বরদী উপজেলা আমির মো. সাইদুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার রাতে উপজেলার মাঝদিয়া এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ ও পরবর্তী হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধসহ সাত থেকে আটজন আহত হন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরি এলাকার মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার রিশাদ হোসেন এবং শেখপাড়া এলাকার রবিউল ও মহিদুল ইসলাম। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বহিষ্কৃত জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে নদীপথের আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বালুর ব্যবসা নিয়েও জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরোধ ছিল।
এসব বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর বিরুদ্ধে মিছিল বের করেন জাকারিয়া পিন্টুর ভাই ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব ও বর্তমানে বহিষ্কৃত মেহেদী হাসানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কাঁকন বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধসহ সাত থেকে আটজন আহত হন।
জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, সোমবার সন্ধ্যায় তাঁরা এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাঁদের কয়েকজন গুলিবিদ্ধ হন।
অন্যদিকে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জাকারিয়া পিন্টুর সমর্থক ও তাঁর ভাই মেহেদী হাসান লোকজন নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। সন্ধ্যার ঘটনার পর রাতে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। অত্যন্ত পরিকল্পিতভাবে এ ধরনের বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান বলেন, জামায়াতের কারও বাড়ি পোড়েনি। যে বাড়িটি পুড়েছে, সেই মঞ্জু খান বিএনপি করেন। ওই বাড়ি থেকেই ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িঘর পোড়ানো হয়নি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম