যোগফল প্রতিবেদক:
তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিক ও শ্রমিকপক্ষ তাদের সর্বশেষ প্রস্তাব তুলে ধরেছে। তবে কোনো পক্ষই প্রস্তাবিত মজুরিতে সন্তুষ্ট না হওয়ায় আলোচনা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
ব্রিফিংয়ে তিনি বিভিন্ন গ্রেডে মালিক ও শ্রমিকপক্ষের দেওয়া সর্বশেষ তথা তৃতীয় প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে শ্রমিকপক্ষ ৩৫ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৮ হাজার ৮২৮ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
দ্বিতীয় গ্রেডে শ্রমিকপক্ষের প্রস্তাব ৩০ হাজার টাকা, আর মালিকপক্ষের প্রস্তাব ১৭ হাজার ৮৮৭ টাকা।
তৃতীয় গ্রেডে শ্রমিকপক্ষ ২৭ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৬ হাজার ৯৯৬ টাকা প্রস্তাব করেছে।
অন্যদিকে, চতুর্থ গ্রেড বা সর্বনিম্ন মজুরির ক্ষেত্রে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব দিয়েছে।
বোর্ডের চেয়ারম্যান জানান, উভয় পক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। ফলে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আলোচনা এখনো শেষ হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণের খবরকে নিশ্চিত হিসেবে দেখার সুযোগ নেই।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম