যোগফল প্রতিবেদক:
জুলাই আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই দিন আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া আব্দুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট নিহত মোতালেবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম