যোগফল প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার তথ্য রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, এ মামলায় এমন দৃশ্যমান বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ পদ-পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়াতে সাহস না পায়।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি এ বক্তব্য দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, তা পালন করাই রাষ্ট্রের পক্ষে নিযুক্ত প্রধান আইন কর্মকর্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব।
সেনাবাহিনীর সদস্যদের প্রতি মানুষের আস্থা ও বিচারের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, অভিযুক্ত জিয়াউল আহসান একসময় সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধানসহ কয়েকজন সেনা কর্মকর্তা। দু-একজন ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো বাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের উদ্দেশ্য। এমন দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ নিজের পদ-পদবি ব্যবহার করে এ ধরনের অপরাধে জড়াতে না পারে।
ট্রাইব্যুনালের একটি প্রশ্নের প্রসঙ্গ তুলে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে তার সহকর্মীদের মধ্যেও অনেকের বিবেক জাগ্রত হয়েছিল। কিছু সামরিক কর্মকর্তা এসব কর্মকাণ্ড থেকে সরে এসেছেন এবং সাক্ষ্য দিয়েছেন। সবার বিবেক একইভাবে কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি।
জিয়াউল আহসানের সম্পদের বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তার আর্থিক উন্নতি ও অবৈধ সম্পদের পাহাড় গড়ার বিষয়ে তথ্য রয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথকভাবে মামলা করেছে, যার বিচার স্বতন্ত্রভাবে চলছে।
মামলার শুরুর দিকের প্রসঙ্গ টেনে তিনি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি ‘বালিশ কাণ্ড’-এর প্রসঙ্গও উল্লেখ করেন। তার ভাষ্য, একটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনা আড়াল করতে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বাঁচাতে নানা প্রক্রিয়া অনুসরণের বিষয়টি মামলার আলোচনায় উঠে এসেছে।
আন্তর্জাতিক আইনের নজির তুলে ধরার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যুক্তিতর্কে শুধু বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থা নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের গুরুতর অপরাধের বিচার কীভাবে হয়েছে, সেসব নজিরও তুলে ধরা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বিভিন্ন দেশের নিজস্ব ট্রাইব্যুনালে এ ধরনের অপরাধের বিচারপ্রক্রিয়া যুক্তিতর্কে উল্লেখ করা হবে।
সবশেষে প্রসিকিউশন টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান প্রসিকিউটর আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। মামলার সাক্ষ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি ও প্রসিকিউশনের উপস্থাপিত তথ্য সম্পর্কে জানতেই তিনি ট্রাইব্যুনালে এসেছেন। যুক্তিতর্ক উপস্থাপনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নোটও নিয়েছেন বলে জানান তিনি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম