নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন ছোট ও বড়পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন তাঁর সহশিল্পী ও প্রত্যক্ষদর্শী শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সোহেল খানের অসুস্থ হয়ে পড়ার মুহূর্তের বর্ণনা তুলে ধরেন তিনি।
জয়ের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন সোহেল খান। এরপর শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। হোটেল মম ইনের নিচে গাড়িও প্রস্তুত ছিল।
ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘একসঙ্গে শুটিং। বগুড়ার হোটেল মম ইনে। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান।’
জয়ের পোস্ট অনুযায়ী, হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ার পর দ্রুত সোহেল খানকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে অনেকের ধারণা হয়েছিল, নাশতায় খাওয়া ড্রাগন ফলের কারণে হয়তো তাঁর এমন প্রতিক্রিয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম