যোগফল প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জানমালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় সোমবার ভোররাতে একদল দুর্বৃত্ত ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি এবং জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় নিন্দা জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের জীবন ও সম্পদ ধ্বংস করে সমাজের মূল ধারায় টিকে থাকতে পারেনি। পতিত স্বৈরাচার এমন কর্মকাণ্ডের মাধ্যমে ফিরে আসার যে চেষ্টা করছে, তা সফল হবে না। দেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না এবং জনগণ তাদের গ্রহণ করবে না।
বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এমন কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এ দায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।
অবিলম্বে আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
পাশাপাশি দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম