যোগফল প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাতে সীমান্তের বেনীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর এলাকার অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জের বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
সীমান্তের ৬১/৭-এস পিলার থেকে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ৯ বাংলাদেশিকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম