যোগফল প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে। পুলিশের দাবি, তিনি গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৪৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইসলাম উদ্দিনসহ ৫ থেকে ৭ জনের একটি প্রভাবশালী সিন্ডিকেট গত চার-পাঁচ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার আড়ালে তাহিরপুর উপজেলায় মদ, গাঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা ব্যবসা করে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম