যোগফল প্রতিবেদক:
বিএনপিতে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়া নিয়ে আলোচনা চলার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’
প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে দলটির ৮০ থেকে ৮৫ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। তাদের মধ্যে সাতজন নির্বাচনে জয়ী হন। রুমিন ফারহানা ছিলেন তাদের একজন।
বিএনপি থেকে বহিষ্কারের আগে রুমিন ফারহানা দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
এদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূল পর্যায়ের আরও পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে বিএনপি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম