চট্টগ্রামে সড়ক দুর্ঘটনার সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিফতাহুল জান্নাত নামের এক কলেজশিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
মিফতাহুল জান্নাত (২১) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা মৃত আনিসুজ্জামানের মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তবে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়িতে নানার কাছে থেকে পড়াশোনা করতেন। চলতি বছর সিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।
গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন মিফতাহুল জান্নাত।
তার মামা হারুনুর রশিদ বলেন, মিফতাহুল জান্নাত নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকালে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হয় সে। সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার ভোরে তার মৃত্যু হয়।
হারুনুর রশিদ আরও বলেন, দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একবারও তাদের খোঁজ নেননি। হাসপাতালে চিকিৎসার জন্য সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। মিফতাহুল জান্নাতের বাবাও নেই। সোমবার আসরের নামাজের পর পটিয়ায় তার নিজ বাড়িতে জানাজা শেষে বাবার পাশে তাকে দাফন করা হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী আহত হওয়ার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম