কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ পিস ইয়াবাসহ আটক হওয়ার পর মো. টিপু বকসী নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামে স্থানীয় লোকজন টিপু বকসী ও হাবিবুর রহমান নামে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. মাসুদ রানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে টিপু বকসীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন ও সদস্য সচিব মো. রুবেল চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকরের নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া বহিষ্কৃত টিপু বকসীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম