যোগফল প্রতিবেদক:
পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুই ভ্যানচালককে এক হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানে তিন ড্রাম জেলি, আধা কেজি কস্টিক সোডা ও তিন ড্রাম নকল দুধ জব্দ করে ধ্বংস করা হয়।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোপালনগর এলাকার একটি দুধ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নকল দুধ তৈরির অভিযোগে আবুল হোসেন (৩৬) ও ওমর ফারুক (২৫) নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় আবুল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুককে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আসলাম ও চাঁদ আলী নামে দুই ভ্যানচালকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইউএনও উম্মে ইমামা বানিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অভিযুক্তদের জেল-জরিমানা করা হয়েছে। এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম