যোগফল প্রতিবেদক:
নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘জঙ্গি মামুন’ পরিচয় গোপন করে প্রায় তিন মাস ধরে লক্ষ্মীপুরের রায়পুরে আত্মগোপনে ছিলেন। বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় জানতে পারে পুলিশ। পরে তার ভাড়া বাসার উঠানের মাটির নিচ থেকে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়।
পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার (২১ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি মামুন। তাকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
পুলিশ জানায়, গত ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। এ সময় তিনি ইউনিয়নের এক ওয়ার্ড বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করলে পালানোর চেষ্টায় একটি ককটেল বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদরে বলে পরিচয় দেন তিনি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১৭ নভেম্বর আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। রায়পুর থানায় জিজ্ঞাসাবাদ ও পাঁচ দিনের রিমান্ডে তার প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি-বোমারু মামুন’ নামে পরিচিত।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে ১১টি আইইডি উদ্ধার করা হয়েছে। পরে ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।
ওসি আরও জানান, বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের প্রায় তিন মাস আগে পরিচয় গোপন করে রায়পুরের চরলক্ষ্মী গ্রামে একটি বাড়ি ভাড়া নেন মামুন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির মালিককে জানিয়েছিলেন, মেঘনার চর এলাকায় পোলট্রি খামার করবেন।
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তার বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
সে সময় পুলিশ জানিয়েছিল, মামুন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে পলাতক ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম