যোগফল প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এক নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেন।
দগ্ধরা হলেন মনিরা আক্তার (৩০), তার সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) এবং তরিকুল ইসলাম (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম