নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের মোহরায় মদপানের পর অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিষাক্ত মদ পান করেছিলেন। রোববার (২২ নভেম্বর) নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয়জন মদপান করেন। এরপর তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
নিহতদের একজনের বয়স ৫৫ বছর। তিনি মোহরার খেজুরতলা এলাকার বাসিন্দা। অন্যজনের বয়স ৫২ বছর। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। রোববারই তাদের মরদেহ সৎকার করা হয়েছে।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, কালুরঘাট ব্রাহ্মণপাড়া এলাকায় অতিরিক্ত মদপানের পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, মদপানের পর বিষক্রিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে দুইজনের তথ্য পুলিশের কাছে রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম