কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলা এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলে থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপে বসার প্রস্তাব দিয়েছিল। তবে এনসিপি পৃথকভাবে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে সরকারের পক্ষ থেকে দলটির জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
এনসিপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানাবে দলটি। পাশাপাশি বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলে ধরতে পারে এনসিপি।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা অংশ নিতে পারেন।
এনসিপির নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংলাপে অংশ নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি। তবে এতে অংশ নেওয়ার অর্থ রাজনৈতিক ঐক্যের বিষয়ে সম্মতি দেওয়া নয়। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরসহ কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চায় তারা।
গতকাল রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে একটি সংকটকাল চলছে। এ পরিস্থিতিতে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কী চান, কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে চান, তা শুনতে চায় এনসিপি।
নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে সরকারের একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে সরকারের আন্তরিকতার স্পষ্ট বার্তা প্রয়োজন। তা না হলে শুধু ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ঠেকানোর কথা বলে জাতীয় ঐক্যের আহ্বান জানানো এবং জানুয়ারিতে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হতে পারে। এমন প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গেও পৃথক বৈঠক
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এক সপ্তাহের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় রয়েছেন। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর তাঁর নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে।
দলীয় সূত্র জানিয়েছে, আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক হতে পারে। এ বিষয়টি সামনে রেখে সংলাপের প্রস্তুতি নিচ্ছেন দলটির দায়িত্বশীল নেতারা।
বিএনপির সূত্র জানিয়েছে, জামায়াত ও এনসিপি ছাড়াও জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে দলগুলোর সঙ্গে আলাদা আলোচনা হবে। পরে প্রয়োজন হলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে। তবে জামায়াতের কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি তাঁরা।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেন, আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। তা প্রতিহত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী ঐক্যে থাকা রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, পরাজিত শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা এবং রাষ্ট্র পুনর্গঠনে তাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এ লক্ষ্যেই জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়েছে।
গণঅভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে তৈরি হওয়া দূরত্ব সংলাপের মাধ্যমে কমবে কি না, এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি ও বিরোধী দল থাকবে। তবে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণঅভ্যুত্থানের চেতনা রক্ষার মতো জাতীয় বিষয়ে ঐকমত্য থাকা জরুরি।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। জামায়াতও একই সনদে স্বাক্ষর করেছে। বিএনপি বারবার বলেছে, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়ন করা হবে। তাই এ মুহূর্তে সরকার ও বিরোধী দলের দাবির মধ্যে বড় ধরনের মতপার্থক্য থাকার সুযোগ নেই বলে তিনি মনে করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম