গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং লায়লা গার্মেন্টসে কাজ করতেন।
নিহতের চাচা বাচ্চু মিয়া জানান, তৌফিক পাঁচ বছর ধরে বাংলাবাজার এলাকায় বসবাস করতেন। বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে এক বন্ধুর মাধ্যমে লায়লা গার্মেন্টসে চাকরি নেন। শ্রমিক আন্দোলনের মধ্যে হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তৌফিকের স্কুলশিক্ষক প্রদীপ কুমার জানান, বাবার মৃত্যুর পর পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় পাড়ি জমায় তৌফিক। হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর পাওয়ার পর মঙ্গলবার সকালে আইসিইউতে তার মৃত্যুর সংবাদ পান তারা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সোমবার শ্রমিক আন্দোলন চলাকালে একদল লোক তৌফিককে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন নিহতের পরিবারের সঙ্গে ভিডিওকলে কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দাফনের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।
সংবাদ সংশোধনী: এর আগে প্রকাশিত খবরে শ্রমিকদের হামলায় তৌফিক নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। তবে প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়ার পর সেই তথ্য সংশোধন করা হয়েছে। প্রথমে দাবি করা হয়েছিল, বিক্ষোভকারীদের ভিডিও ধারণ করায় শ্রমিকদের হাতে মারধরের শিকার হন তিনি। পরে ঘটনার সময় তৌফিকের সঙ্গে থাকা এক বন্ধু জানান, একটি পোশাক কারখানার ভাড়া করা লোকজনের মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম