ঢাকার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের সময় সংঘবদ্ধ লোকজনের রডের আঘাতে মাথায় গুরুতর আহত হওয়া এক পোশাকশ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি থানার কানাইপুর এলাকার মোহাম্মদ রহিমের ছেলে। সাভারের আউকপাড়া এলাকায় অবস্থিত ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছিল। এ পরিস্থিতিতে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন্ট সুজ লিমিটেডেও ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হন।
কারখানা থেকে বের হওয়ার পর পথে সেলিমের ওপর হামলা চালায় একদল লোক। এ সময় এক ব্যক্তি লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। একই ঘটনায় আরও দুই শ্রমিককে মারধর করা হয়। শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ট্রেন্ট সুজ লিমিটেড কর্তৃপক্ষ মামলা করে।
গুরুতর আহত সেলিমকে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা মোহাম্মদ রহিম বলেন, কারখানা ছুটির পর ১০ থেকে ১২ জন লোক এসে হামলা চালায়। লোহার রড দিয়ে তার ছেলের মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে এনাম মেডিকেলে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে রোববার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়েছে। ওই দিন আরও দুজন শ্রমিককে মারধর করা হয়েছিল বলেও জানান তিনি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, গত ৪ নভেম্বর আউকপাড়া এলাকায় শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম