চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, বর্তমান মজুরি কাঠামোতেই শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হয়ে আর্থিক সংকটের কারণে জেলার দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে শহরের চাষাড়া, শিবু মার্কেট, বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, এসআরবি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ব্যাপক টহল দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের পরিবেশ ঐতিহ্যগতভাবেই শান্ত। এখন পর্যন্ত জেলায় বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় বিজিবির সাত প্লাটুন সদস্য টহল দিচ্ছেন। পাশাপাশি রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তায় পুলিশের ৫৭০ জন সদস্য মোতায়েন রয়েছেন এবং এসআরবির চারটি দল নিয়মিত টহল দিচ্ছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৪-এর পুলিশ সুপার আব্দুল আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জের শ্রমিকরা ঐতিহ্যগতভাবেই যথেষ্ট সচেতন। কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও শ্রমিকদের সচেতনতায় শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাই নিজ নিজ কাজে নিয়োজিত রয়েছেন। এরপরও সুযোগসন্ধানীরা যাতে কোনো ধরনের ফায়দা নিতে না পারে, সে জন্য শিবু মার্কেট ও বিসিক এলাকাসহ শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে সামান্যতম বিশৃঙ্খলাকেও গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, দুটি পোশাক কারখানা বন্ধের বিষয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বর্তমান মজুরি কাঠামোতেই দুটি প্রতিষ্ঠান কারখানা পরিচালনা করতে পারছে না। আর্থিক সামর্থ্য না থাকায় তারা কারখানা বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে মজুরি বোর্ড আরও বেতন বৃদ্ধি করলে কারখানাগুলো সচল রাখা অসম্ভব হয়ে পড়বে।
মজুরি বোর্ডের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মজুরি বোর্ডের বৈঠকে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে ভবিষ্যতে বৈঠক বর্জনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন তারা। একতরফাভাবে অতিরিক্ত হারে বেতন বাড়ানো হলে মালিকদের পক্ষে কারখানা টিকিয়ে রাখা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম