ময়মনসিংহ নগরীতে সুরুজামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজামান ওই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই বাবুল মিয়া একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ছোট মেয়েকে নিয়ে মুজিব মার্কেট থেকে জুতা কিনে বাড়ি ফিরছিলেন সুরুজামান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে ভাইয়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতের বড় ভাই বাবুল মিয়া। ভাইকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। কখনো বুক চাপড়ে, আবার কখনো বিলাপ করে আহাজারি করছিলেন। তার কান্নায় হাসপাতালের মর্গ এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় উপস্থিত স্বজন ও সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।
তবে এ হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম