ইসলামিক ফাউন্ডেশনকে (ইফা) পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগের অংশ হিসেবে প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ইফার মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে এ প্রস্তাব হস্তান্তর করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনকে চিঠি দিয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিসার্স অ্যাসোসিয়েশনের তৈরি প্রস্তাবিত কাঠামোতে ইসলামিক ফাউন্ডেশনের বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনায় নিয়ে অধিদপ্তরে রূপান্তরের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী অর্গানোগ্রাম প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা, সাংগঠনিক গতিশীলতা, মাঠপর্যায়ের কার্যক্রমের সমন্বয় ও সেবার মান বাড়তে পারে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রস্তাবিত কাঠামো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম