মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।
মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে গৃহীত হয়।
ভারতের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান ও সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।
প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।
সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে। এর চূড়ান্ত লক্ষ্য মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।
২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে
প্রস্তাবে বলা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ করা ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধের সময় কারও বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলেও মৃত্যুদণ্ড না দেওয়ার কথা বলা হয়েছে।
গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বানও রয়েছে প্রস্তাবে।
পাশাপাশি যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের সংখ্যা কমানো এবং কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম