কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকারের ২৬৭ কোটি টাকার একটি স্বাস্থ্য প্রকল্পের কেনাকাটা ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। ডায়ালাইসিস মেশিনের মূল্য নির্ধারণ, দরপত্রের যোগ্যতার শর্ত পরিবর্তন এবং চিকিৎসা সরঞ্জাম ও কেমিক্যাল সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে কালবেলায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট একটি দরপত্র বাতিল করা হয়েছে। তবে নতুন করে কী প্রক্রিয়ায় কেনাকাটা হবে, তা এখনো স্পষ্ট নয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ‘মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান কিডনি ডায়ালাইসিস কেন্দ্রের উন্নয়ন, ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় এ কেনাকাটার উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে মোট ১ হাজার ৩০টি হেমোডায়ালাইসিস মেশিন কেনার পরিকল্পনা রয়েছে।
সরকারি ই-জিপি পোর্টালের তথ্য অনুযায়ী, এ-সংক্রান্ত DGHS/PDO/Dialysis/GD1(HD)/২০২৬/৭০৬ নম্বরের দরপত্রটির বর্তমান অবস্থা ‘Cancelled’ বা বাতিল দেখানো হয়েছে।
এর আগে কালবেলায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ডায়ালাইসিস মেশিন কেনার দরপত্রের বিভিন্ন শর্ত, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, যোগ্যতা নির্ধারণ এবং ওয়ারেন্টির মেয়াদ কমানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রতিবেদন প্রকাশের পর দরপত্র বাতিল হওয়ায় পুরো কেনাকাটার প্রক্রিয়া নতুন করে আলোচনায় এসেছে।
প্রকল্পে প্রতিটি ডায়ালাইসিস মেশিনের ক্রয়মূল্য বা বাজেট ধরা হয়েছে ২৫ লাখ টাকা। তবে সংশ্লিষ্ট বাজারদর সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি মেশিনের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। সে হিসাবে ১ হাজার ৩০টি মেশিনের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৯২ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে, প্রকল্পের মোট বাজেট ২৬৭ কোটি টাকা। অর্থাৎ মেশিনের এই আনুমানিক মূল্য বাদ দিলে অবশিষ্ট থাকে প্রায় ১৭৪ কোটি ৩০ লাখ টাকা।
প্রশ্ন উঠেছে, অবশিষ্ট অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে এবং অবকাঠামো নির্মাণ, স্থাপন, প্রশিক্ষণ, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক খাতে ব্যয়ের যৌক্তিকতা কতটুকু। এসব ব্যয় নির্ধারণে বাজার যাচাই ও প্রতিযোগিতামূলক দরপত্র অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
ই-জিপি নথিতে দেখা যায়, দরপত্রের যোগ্যতার শর্তে সংশোধনী আনা হয়েছিল। আগে একই ধরনের পণ্য সরবরাহে গত ১০ বছরের মধ্যে অন্তত একটি চুক্তি সফলভাবে সম্পন্ন করার শর্ত ছিল। ওই চুক্তির মূল্য হতে হতো কমপক্ষে ১৬০ কোটি ৫০ লাখ টাকা। পরে সংশোধিত শর্তে সর্বোচ্চ তিনটি চুক্তির সম্মিলিত মূল্য ১৬০ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়।
অর্থাৎ একটি বড় চুক্তির অভিজ্ঞতার পরিবর্তে একাধিক চুক্তির অভিজ্ঞতা গ্রহণের সুযোগ তৈরি করা হয়। তবে সরবরাহ সক্ষমতা বছরে ২ হাজার ৬০টি ইউনিট এবং আর্থিক সক্ষমতা ২১৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। এসব শর্ত কী বিবেচনায় নির্ধারণ ও সংশোধন করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, ডায়ালাইসিস মেশিন কেনার পর এর কার্যক্রম সচল রাখতে নিয়মিত ডায়ালাইজার, নিডেল, ব্লাড টিউবিং সেট এবং নির্দিষ্ট ধরনের কেমিক্যাল প্রয়োজন হয়। এসব উপকরণের সরবরাহ কোনো নির্দিষ্ট কোম্পানি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেলে দীর্ঘমেয়াদে ডায়ালাইসিস সেবা তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দরপত্র বাতিলের পর নতুন করে কেনাকাটার উদ্যোগ নেওয়ার আগে পুরো প্রক্রিয়া পর্যালোচনা করা প্রয়োজন। মেশিনের প্রকৃত বাজারমূল্য যাচাই, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি নির্বাচন, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা এবং প্রয়োজনীয় কেমিক্যাল ও সরঞ্জামের বিকল্প সরবরাহকারী নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রকল্পের প্রতিটি ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশের দাবিও উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরবরাহকারী জানান, দরপত্র বাতিল হলেও প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নতুন দরপত্রে আগের বিতর্কিত শর্তগুলো বাদ দিয়ে প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত করা হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। জনগণের অর্থে পরিচালিত এ ধরনের স্বাস্থ্য প্রকল্পে স্বচ্ছতা, নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সংবাদ প্রকাশের পর বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়া হোসেনের নজরে আসে। এরপর তিনি দরপত্র বাতিলের নির্দেশ দেন। তবে মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম