যোগফল প্রতিবেদক:
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজের পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই সদস্যকে ছাড়া বোর্ডের সভা করা সমীচীন হবে না। এ কারণে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুতই পরবর্তী সভার তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় একই বছরের ডিসেম্বর থেকে।
২০২৩ সালে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম