স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পর দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করতে বিমানবন্দরে পৌঁছালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রোববার সকালে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ড. খন্দকার মোশাররফ হোসেন। এ অবস্থায় তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল কবির খান আরও জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম