সিলেট অভিমুখে আগামী ২১ নভেম্বর ট্রেনযোগে ১১ দলীয় জোটের লংমার্চ স্থগিত করা হয়েছে। ব্যবস্থাপনার জটিলতা ও জনদুর্ভোগের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, চার দিনের কর্মসূচির শেষ অংশ হিসেবে ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা ছিল। সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সার্বিক ব্যবস্থাপনার জটিলতা এবং জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে লংমার্চটি স্থগিত করা হয়েছে।
হামিদুর রহমান আজাদ আরও বলেন, জনগণের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব দাবি জনবান্ধব এবং সাধারণ মানুষের মনের কথা। কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সরকার উল্টো পথে চলতে শুরু করেছে। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকার দৃশ্যমান আন্তরিকতা না দেখালে জাতীয় ঐক্য সম্ভব নয়।
এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের জামাই আদরে আপ্যায়িত করার অভিযোগ তুলে তিনি বলেন, এর মাধ্যমে সরকারের ফ্যাসিবাদের প্রতি আনুকূল্যের বিষয়টি প্রমাণিত হচ্ছে।
দাবি বাস্তবায়নে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান হামিদুর রহমান আজাদ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম