দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পরপর দুটি পোস্ট দেন তিনি। সেখানে আসিফ মাহমুদ দাবি করেন, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হোক। তার ভাষ্য, জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান পরিস্থিতি শতগুণ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে ফেসবুক পোস্ট দুটির মন্তব্যের ঘরে সাধারণ ব্যবহারকারীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানান।
কেউ কেউ তার আগের দায়িত্ব পালন ও ১৮ মাসের কার্যকাল নিয়ে প্রশ্ন তোলেন। মন্তব্যের ঘরে দেখা যায়, ‘গোপালগঞ্জ থেকে যে পালিয়ে আসছিলা মনে নাই?’ এবং ‘১৮ মাসে কী কী চেঞ্জ করছিলা ভাইয়েরে?’—এমন কটাক্ষমূলক মন্তব্য।
এ ছাড়া অনেকে হাস্যরসাত্মক মন্তব্যের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্ব পালন ও কার্যক্রম নিয়েও নিজেদের মতামত প্রকাশ করেছেন। সব মিলিয়ে আসিফ মাহমুদের দেওয়া পোস্ট দুটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম