কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১২ দলীয় জোট। সমাবেশ থেকে আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।
রোববার (১৫ নভেম্বর) বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জোট নেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিনা কারণে বিগত ১৭ বছর ধরে তাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, বাড়িঘরে হামলা চালিয়েছে এবং ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট করেছে।
তারা আরও বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দলটির নেতাকর্মীরা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাদের উদারতাকে দুর্বলতা মনে করে আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র করলে আর ছাড় দেওয়া হবে না।
১২ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন জোটের সমন্বয়ক ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
সমাবেশে বক্তব্য দেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আবুল বাশার, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম এবং পিএনপির চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম